রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে ধারণ করতে হবে। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন সে লক্ষ্য পূরণে অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
মঙ্গলবার থেকে শুরু হওয়া ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে এক বাণীতে তিনি এ প্রত্যাশার কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ ও উন্নত চিন্তার অধিকারী হতে হবে।
তিনি বলেন, জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করে, চিন্তার জগতকে প্রসারিত করে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার শিক্ষাকে যুগোপযোগী, মানসম্পন্ন ও তথ্যপ্রযুক্তি নির্ভর করতে শিক্ষাক্ষেত্রে বিপুল সংস্কার করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়নসহ কারিকুলাম ও শিক্ষার অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। ফলে দেশব্যাপী শিক্ষার হার বেড়েছে। নারীশিক্ষারও যথেষ্ট প্রসার ঘটেছে।
আবদুল হামিদ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মনন বিকাশে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলা চর্চা খুবই গুরুত্বপূর্ণ।
‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭’ উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশসহ সুস্থ প্রতিযোগিতা ও নান্দনিক চর্চার সুযোগ যেমন সৃষ্টি হয়েছে তেমনই তাদের মেধা বিকাশের পথও সুগম হয়েছে।
স/এষ্

