ভারত-বাংলাদেশের একমাত্র টেস্টটি শুরু হতে মাঝে আর মাত্র একদিন বাকি। ঠিক এই সময়ে এসে বড় এক ধাক্কা খেলেন ভারতের লেগস্পিনার অমিত মিশ্র। হাঁটুর চোটের কারণে ৩৪ বছর বয়সী স্পিনার ছিটকে পড়লেন দল থেকে। তার দুর্ভাগ্য খুলে দিয়েছে কুলদীপ যাদবের ভাগ্য। মিশ্রর পরিবর্তে বাহাতি চায়নাম্যান বোলার ভারতের টেস্ট দলে ডাক পেলেন প্রথম বারের মতো।
হাঁটুর চোটের কারণে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেননি মিশ্র। ভারতের হয়ে সর্বশেষ টেস্টে খেলেছিলেন। মিশ্রর খেলার সম্ভাবনা ছিল বাংলাদেশের বিপক্ষে টেস্টেও। কিন্তু চোট কেড়ে নিল তার সেই স্বপ্ন। এখন প্রশ্ন হচ্ছে, মিশ্রর জায়গায় প্রথম বারের মতো ভারতের টেস্ট দলে ঢোকা কুলদীপ কী জায়গা পাবেন চূড়ান্ত একাদশে? প্রথম বারেই পূরণ হবে তার টেস্ট খেলার আজন্ম স্বপ্ন?
উত্তর জানা যাবে ৯ ফেব্রুয়ারি সকালে। তবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে বিরাট কোহলির দলে ঢুকেছেন কানপুরের ২২ বছর বয়সী তরুণ। বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের এ দলের হয়ে খেলেছেন কুলদীপ। প্রথম ইনিংসে ৩২ রানে নিয়েছিলেন ১ উইকেট, দ্বিতীয় ইনিংসে মাত্র ২ রানে ২ উইকেট! প্রথম শ্রেণীর ক্রিকেটে ২২ ম্যাচে ৮১ উইকেট নেওয়া কুলদীপ ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন দিনের প্রস্তুতি ম্যাচের দলেও। যে ম্যাচটা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে।
স/শা

