শিল্পী সমিতির নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই প্রচারণায় নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। এবার সেই প্রতীক্ষার অবসান হলো। দুটি ভিন্ন প্যানেল থেকে মুখোমুখি হচ্ছেন মিশা সওদাগর ও ওমর সানি।
শিল্পী সমিতি কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সঙ্গে এও ঘোষণা হয়, আগামী ৫ মে শিল্পী সমিতির পরবর্তী নির্বাচন।
আসন্ন নির্বাচনে লড়বে দুটি প্যানেল। একটিতে সভাপতি পদে মিশা সওদাগরের সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জায়েদ খান। অপরটিতে, সভাপতি পদে ওমর সানির সঙ্গে থাকছেন সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা।
নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো হয়নি তফসিল ঘোষণা। আগামী কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সভা কর্তৃপক্ষ।
সভায় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাবেক সভাপতি শাকিব খান প্রমুখ।
স/শা

