মানুষজন বিনামূল্যে জমি ও ঘর পেয়ে সরকারের প্রতি সন্তুষ্ট :মন্ত্রী ইমরান
শাহ আলম,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ
এমপি বলেছেন, বর্তমান সরকার অসহায় জনসাধারণের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনবান্ধব সরকার অসহায় জনগোষ্ঠীর জন্য বিভিন্ন দৃষ্টিনন্দন প্রকল্প নিয়ে বাস্তবায়ন করে অনন্য নজির স্থাপন করেছে।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ পাকা ঘর উপহার দিয়ে ইতিহাস তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সদিচ্ছার কারণেই আজ প্রান্তিক জনপদের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। দেশের কোথাও কোন মানুষ গৃহহীন থাকবেনা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর এমন ঘোষণা দেশের অসহায় জনসাধারণের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
প্রান্তিক জনপদের মানুষজন বিনামূল্যে জমি ও ঘর পেয়ে সরকারের প্রতি সন্তুষ্ট। মন্ত্রী বলেন, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরিবারের মাঝে পাকাঘর উপহার প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটে আজ নতুন করে আরও ২৭৩টি গৃহহীন পরিবার পাকাঘর উপহার পাচ্ছেন।
আর পৃথিবীতে এটিই প্রথম এবং একমাত্র ঘটনা; একসঙ্গে এতো মানুষকে জমির মালিকানা দিয়ে পাকা ঘর করে দেয়া। তিনি গতকাল রোববার সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, গোয়াইনঘাট সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু।
অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ড প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কর্তৃক প্রবাসে মৃত্যুজনিত ক্ষতিপূরণ এর চেক বিতরণ, চা-শ্রমিকদের জীবনমান কর্মসূচির আওতায় এককালীন অনুদান ও অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেন।
সম্প্রতি সৌদি আরবে লিফট দূর্ঘটনায় নিহত গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ের শাহিনের পরিবারকে ক্ষতিপূরণের ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী ইমরান আহমদ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন, উপজেলা আনসার ভিডিপি ব্যারাক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ভবন, আমার বাড়ি আমার খামারের উপজেলা কার্যালয়ের উর্ধ্বমূখী ভবন সম্প্রসারণের ভিত্তি-প্রস্তর স্থাপন ও গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় এবং গোয়াইনঘাট সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
স/এষ্

