মানবিক সাহায্যে নতুন জীবন ফিরে পেলো শিশু রিফাত
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
‘আসুন, মানুষের জন্যে কাজ করি’ নামে একটি সামাজিক সংগঠনের সদস্যদের মানবিক সাহায্যের উসীলায় আল্লাহর অশেষ রহমতে নতুন জীবন ফিরে পেলো ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের ফতেপুর গ্রামের হতদরিদ্র ইটখলার শ্রমিক আল আমিনের একমাত্র শিশুপুত্র রিফাত হোসেন (৬)।
রিফাত জন্মগতভাবেই হার্টে ছিদ্রজনিত রোগে ভুগছিল। সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে সে বাড়ি ফিরেছে। এতে হতাশাগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে।
এর আগে ‘আসুন, মানুষের জন্যে কাজ করি’ সংগঠনের উদ্যোগে ফুলপুরস্থ গ্রামাউস কার্যালয়ে রিফাত ও তার চিকিৎসা কার্যক্রমে ঢাকায় থেকে ডাক্তার দেখানোসহ বিশেষ ভূমিকা রাখায় সবুজকে ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)’র নির্বাহী পরিচালক মো. আব্দুল খালেক, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আকবর আলী আহসান, ফুলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মুর্শিদুল আলম উজ্জল, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম, বিল্লাল হোসেন, শাহ নাফিউল্লাহ সৈকত, মো. আব্দুল মান্নান, ফুলপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা, ফুলপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি সমাজসেবক আশরাফুন্নাহার রোজী, শেরপুর সরকারি কলেজের অর্থনীতি ফাইনাল পরীক্ষার ফলপ্রার্থী আশি পাঁচ কাহনিয়া গ্রামের সবুজ মিয়া, রিফাতের বাবা আল আমিন, মা রিখা বেগম প্রমুখ। জানা যায়, ফতেপুর গ্রামের দিন মজুর আল আমিন ও রিখা বেগমের ঘরকে উজ্বালা করে ৬ বছর আগে জন্ম নেয় ফুটফুটে সুন্দর মায়াবী চেহারাবিশিষ্ট শিশুপুত্র রিফাত।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, জন্মের পর থেকেই রিফাত হার্টে ছিদ্রজনিত রোগে ভুগছিল। তার এ রোগ রিফাতসহ পরিবারকে বিষিয়ে তুলেছিল। মৃত্যুপথের যাত্রী হয়ে পড়েছিল রিফাত। তার হার্টে একটি নয়, দুটি নয় বরং তিনটি ছিদ্র দেখা দিয়েছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় বহু চিকিৎসা নেওয়ার পরও সুস্থ হচ্ছিল না সে।
পরে রিফাতের বাবা ইটভাটার শ্রমিক অসহায় আল আমিন স্থানীয় সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিনের স্মরণাপন্ন হন ও ছেলের চিকিৎসা বিষয়ে অসহায়ত্ব তুলে ধরে সহযোগিতা কামনা করেন। পরে ওই সাংবাদিক রিফাতের চিকিৎসায় হৃদয়বানদের সাহায্যের হাত বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)’র নির্বাহী পরিচালক মো. আব্দুল খালেকের নজর কাড়ে। পরে রিফাতের চিকিৎসা দিতে এগিয়ে আসেন তিনি। শুধু তিনি নিজে নন বরং তার সাথে আরো হৃদয়বান ব্যক্তিদের সম্পৃক্ত করতে সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিনসহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক আকবর আলী আহসান, ফুলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মুর্শিদুল আলম উজ্জল ও সিনিয়র সাংবাদিক নুরুল আমিনকে নিয়ে একটি সাহায্য সংগ্রহ কমিটি গঠন করা হয়। ওই কমিটির নিকট আমেরিকা ও লন্ডনসহ বিভিন্ন দেশের প্রবাসী ও স্থানীয় হৃদয়বান ব্যক্তিরা অর্থ দান করেন।
পরে ওই অর্থ নিয়ে রিফাতকে ঢাকায় আব্দুল খালেকের বাসায় রেখে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ১৭ জুন রিফাতের সফল অস্ত্রোপচার হয়। এতে এ পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৫শ টাকা খরচ হয়েছে। সাহায্য সংগ্রহ কমিটির মাধ্যমে পাওয়া গেছে ১ লাখ ২১ হাজার ২শ টাকা।
অবশিষ্ট টাকা গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক পরিশোধ করে বলেন, সমাজে এ ধরনের রিফাতদের সহযোগিতায় আমরা সদা প্রস্তুত রয়েছি।
রিফাতের বাবা-মা দুজনই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছেলে বাঁচার আশা ছাড়ানই দিছিলাম। আপনাদের সহযোগিতায় আল্লাহ থইয়া গেছে। সে অহন নতুন জীবন ফিইরা পাইলো। এই ঋণ আমরা কোনো দিন পরিশোধ করতার তামনা। আল্লাহ যেন এর উত্তম পুরস্কার আপনাদেরকে দান করেন।
স/বি

