শ্রাবণ সুমন : গত কয়েক দিন যারা উত্তরার, আজিমপুর, হাউজ বিল্ডিং, রাজলক্ষ্মী, এয়ারপোর্ট রেল স্টেশন ঘুরছেন তাদের কাছে এক পরিচিত চেহারা আনান বাউল। আপাদমস্তক নিজেকে সাদা কাপড়ে মুড়ে হাতে একতারা নিয়ে মানবতার গান গেয়ে বন্যার্তদের সাহায্যে সর্ব সাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন এক বাউল সাধক। এই সাধকের নামই আনান বাউল। লালন দিক্ষায় দিক্ষিত হয়েছে সিরাজগঞ্জের এই গান প্রিয় মানুষটি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বন্যার্তদের সাহায্যে বিগত পাঁচদিন রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে গান গেয়ে অর্থ সংগ্রহ করতে দেখা যাচ্ছে এই বাউলকে।
গতকাল এয়ারপোর্ট থেকে উত্তরা রিকশা যোগে যাবার সময় জ্যামে পড়ে যান। রিকশাতেই নিজের গানের দলের সাথে মেতে ওঠেন জীবনমুখী নানা গানে। ঢোল, মন্দিরা, একতারার সাথে সুমধুর কণ্ঠে গাইতে থাকেন একের পর এক গান। উৎসাহী অনেকে সাথে থাকা মোবাইলে ধারণ করতে থাকে সেই গান। অনেকে কৌতুহলি হয়ে গান গাইবার কারণ জানতে চায়। দলের অন্যরা তখন এগিয়ে দেয় হাতে থাকা দান বাক্স। যাতে লেখা বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন।
আনান বাউল বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর তুরাগ থানা শাখার সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তরা মঞ্চের কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন রয়েছেন। রেডিও, টিভি এবং মঞ্চের কল্যাণে আনান বাউল এখন শ্রোতাদের কাছে পরিচিত নাম। নিজে গান লেখেন ও সুর করেন। দেশীয় বাদ্য যন্ত্রের সাথে সেই গান যখন পরিবেশন করেন, তখন দর্শকেরা যেমন মোহিত হয় তেমনি দেশীয় সাংস্কৃতিক রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স/এষ্

