ফিলিস্তিন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উষ্ণ অভ্যর্থনা জানান। রামাল্লা শহর থেকে বিশেষ বার্তায় ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত চায় দ্রুত স্বাধীন রাষ্ট্রে পরিণত হোক এই ভূখণ্ড।
বিশেষ বার্তায় মোদি আরো বলেন, ফিলিস্তিনের চিরশত্রু দেশ ইসরায়েল। তার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি অতি দৃঢ় হয়েছে। তবে জাতিসংঘের অধিবেশনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়েই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে ভারত।
শনিবার ফিলিস্তিনে ঝটিকা সফর শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাবেন নরেন্দ্র মোদি। তার সফর ঘিরে এই আরব দেশটিতে ছড়িয়েছে ব্যাপক উদ্দীপনা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর, মোদির সম্মানে আরবের জাতীয় তেল সংস্থা তাদের অফিসকে জমকালো আয়োজনে সাজিয়েছে।
গেরুয়া, সাদা, সবুজ মাঝে অশোক চক্র। ভারতের এই জাতীয় পতাকার রঙের লাইট দিয়ে সেজে রইল আমিরতের জাতীয় তেল সংস্থা। সমস্ত আয়োজন নরেন্দ্র মোদির সে দেশে আগমনের উদ্দেশ্যে। তিনি সেই দেশে পৌঁছালেই যাতে তার নিজের দেশের পতাকা দেখতে পান সেই জন্যে আগের দিন থেকেই মহড়া দেওয়া হয়। সেই মহড়া চলাকালীন সামনে চলে এল এই ছবি। প্রধানমন্ত্রী যাতে পরভূম ভ্রমণের সময় মাতৃভূমির মতোই মনে করেন সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।
স/এষ্

