হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরে পানি উন্নয়ন বোর্ডের ২২ শতাংশ জমি অবৈধ ভাবে নিজ নামে রেকর্ড করে প্রায় ৫০ কোটি টাকার সরকারি জায়গা জবর দখলের চেষ্টা করছে বিএনপির কেন্দ্রীয় নেতার এক আত্মীয় বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
পৌর সভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন শেখ এলাকাবাসীর পক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের প্রধান প্রকৌশলী বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৫০ নং কামারগ্রাম মৌজার এস.এ. ১০০৬ নং দাগে ৪ একর ৬৫ শতক জমি ১৯৬২ সালে পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহন করে পউবো আঞ্চলিক অফিস স্থাপন করে। পরবর্তীতে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে অফিসটি স্থানান্তর করলে পুরানো অফিসটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
১২ বছর আগে স্থানীয় ২৫ জন ব্যবসায়ী পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে জমিটি লিজ নিয়ে বিভিন্ন ব্যবসা করে আসছিলো। সম্প্রতি বিএনপির প্রভাবশালী এক কেন্দ্রীয় নেতার ভাতিজি জামাই, বিএনপির সমর্থক, স’মিল ও ইটভাটা ব্যবসায়ী আহাছানুল কবীর হেলাল মিয়া জাল জালিয়াতির মাধ্যমে শহরের প্রাণ কেন্দ্রে খাদ্য গুদাম ও বারাশিয়া নদীর নতুন ব্রীজ সংলগ্ন ২২ শতক জমি নিজের নামে লেখে অবৈধভাবে রেকর্ড করিয়ে নেন। এই রেকর্ড ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রায় ৪ একর ৬৫ শতক জমি দখলের চেষ্টা চালাচ্ছে সে। যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
এ ব্যাপারে আহছানুল কবীর জানান, ১০০৬ দাগের আমাদের পৈতিক সম্পত্তি জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের নয়। এ কারনে আমি আমার নামে জমিটি রেকর্ড করে নিয়েছি।
পানি উন্নয়ন বোর্ড বোয়ালমারীর উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দ্বায়িত্ব) সন্তোষ কর্মকার বলেন, পাউবো থেকে ডিসিআর এর মাধ্যমে যারা লিজ গ্রহন করেছে তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। দ্রুতই পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার নিয়ে জায়গাটি পরিমাপ করে যদি দেখা যায় আহছানুল কবীর হেলাল অবৈধ ভাবে রেকর্ড করেছে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/এষ্

