বোয়ালমারীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আয়েশা (৫)। সে বোয়ালমারী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছোলনা গ্রামের ভ্যান চালক সাইফার শেখের মেয়ে।
আয়েশা তিন ভাই বোনের মধ্যে সবার ছোট। শনিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা মো. আবুল হোসেন জানান, সাইফার শেখের পাঁচ বছর বয়সী মেয়ে আয়েশা শনিবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশের পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল। পাড়ের এক জায়গা পানিতে ডুবে যাওয়ায় ডোবা স্থানে গাছের গুঁড়ি ফেলা ছিল। আয়েশা ওই গাছের গুঁড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় সম্ভবত পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়।
আয়েশাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভেসে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শরিফুল ইসলাম জানান, আয়েশাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
স/এষ্

