হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ১৬ বছরের কিশোরী কন্যাকে বাল্য বিবাহ দেয়ার আয়োজন করায় ওই কিশোরীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এটি বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের ঘটনা। এ আদালত পরিচালনা করেছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। ওইদিন আদালতের কাছে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করবেন না মর্মে মুচলেকাও দিয়েছিলেন মেয়ের বাবা কাওসার সিকদার।
আদালত সুত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নিকট জরিমানা ও মুচলেকা দেওয়ার পরও ওইদিনই ওই বাল্য বিবাহ সম্পন্ন হয়। তবে গোপনে তা সংঘটিত হওয়ায় জানাজানি হয়নি। কিন্তু মঙ্গলবার (১৮.০২.২০) দুপুরে ছেলের বাড়ি ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে বউ ভাত (বিবাহোত্তর সংবর্ধনা) এর আয়োজন করায় বিষয়টি আবার গোচরে আসে ভ্রাম্যমাণ আদালতের। এ খবর শুনে মঙ্গলবার বিকেলে ছেলের বাড়িতে অভিযান চালিয়ে বর ও বরের বাবাকে আটক করে নিজ কার্যালয়ে নিয়ে আসেন ইউএনও ঝোটন চন্দ।
পরে সন্ধ্যায় আদালত বসিয়ে ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনে আলামীনকে (২৫) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বরের বাবা এনায়েত হোসেন ওরফে বিলুনকে (৫৫) একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
তবে বরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনাকালে কনের বাবাকে পাওয়া যায়নি। এজন্য আদালত কনের বাবা চালিনগর গ্রামের কাওসার সিকদারের বিরুদ্ধে আদালতের শাস্তি উপেক্ষা করে বাল্যবিবাহ দেয়ার দায়ে নিয়মিত মামলা গ্রহণের জন্য বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
ঘটনার সতত্যা নিশ্চিত করে ইউএনও ঝোটন চন্দ বলেন, আদালত অভিযান করে বাল্য বিবাহের আয়োজন ঠেকানোর পরও এ বিবাহ দিয়ে আইনের প্রতি অবজ্ঞা দেখিয়েছে ওই দু’টি পরিবার। এজন্য বাল্য বিবাহ নিরোধ আইনে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
স/এষ্

