বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে
কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপিত হয়েছে। উদযাপিত কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও কমিউনিটি পুলিশিং সদস্যদের মধ্যে সম্মাননা প্রদান। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করা, পুলিশের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা ও গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে সকাল ১০ টায় থানা চত্বর থেকে এক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ডাঃ কানিজ হোসেন জাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, জেলা পরিষদের সদস্য মোদাচ্ছেন হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ইউপি সদস্য কবিরুল ইসলাম নান্নু, কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সুধীবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স/মা

