আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত ৫ জানুয়ারির পরে আন্দোলনের নামে গণহত্যা করেছে। পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে।
শনিবার ঝালকাঠি প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে যারা গণহত্যা করেছে তাদের হত্যাকারী বলতে হবে। ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। যারা দেশের শত্রু, সমাজের শত্রু, গণতন্ত্রের শত্রু তাদের সঙ্গে আপস করা যায় না। ’
আমু বলেন, ঝালকাঠি প্রেসক্লাব এখানকার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। মুক্তিযুদ্ধের ৫ বছর আগে ঝালকাঠি প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘সাংবাদিকরা সত্য কথা লিখবে, এটাই স্বাভাবিক। সত্যকে সত্য বলতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এ কথাগুলো গণমাধ্যমে তুলে ধরতে হবে। এ দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, সেতু-কালভার্ট, রাস্তাঘাট সবই শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হয়।’
সকালে ঝালকাঠি প্রেসক্লাবের ৫০ বছর পূর্তী উপলক্ষে ক্লাবের সামনে অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে জাতীয় পতাকা, প্রেসক্লাবের পতাকা ও সুবর্ণজয়ন্তীর পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তি উৎসবের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়। পরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
স/শা

