বাস দেখলেই দৌড় দিয়ে বাসে উঠার চেষ্টা করছে সাধারণ যাত্রীরা। কর্মস্থল ছুটি হলে অনেকেই পড়ছেন ভোগান্তিতে।
রাজধানীর পল্টন মোড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীরা রিকশা করে যেয়েই গাড়িতে উঠছেন।
রোববার সন্ধ্যার পর বাসে উঠার জন্য অপেক্ষা করে অবশেষে দৌড় দিলেন যাত্রাবাড়ীর বাসিন্দা সিরাজুল ইসলাম। কিন্তু বাসে উঠতে পারলেন না। কথা হলো তার সাথে জানালেন, ‘সকালে পল্টন আসার সময় বাসের সংকট দেখেছি। রাস্তায় বাস কম।’
কেন বাসের সংকট প্রশ্ন করা হলে বললেন, ‘শুনেছি সিটিং সার্ভিস বন্ধের কারণে এ অবস্থা। সকালে আসার সময় আধঘণ্টা অপেক্ষা করে গাড়িতে উঠেছি। এখনও দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।’
জাতীয় ক্রীড়া পরিষদের উশুর স্টুডেন্ট হাসান তার ভাগ্নিকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। যাবেন সাত রাস্তার মোড়ে। কিন্তু বাস পাচ্ছিলেন না।
তিনি বলেন, ‘প্রতিদিন ১০ মিনিট পরপর বাস আসে আর আজ প্রায় ঘণ্টাখানিক সময় হয়ে গেল বাস পাচ্ছি না। বাসের জন্য না জানি কতক্ষণ অপেক্ষা করতে হয়।’

