বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া ইউএনও’র পৃথক পৃথক অভিযানে তিন কিশোরির বাল্য বিয়ে বন্ধ হয়েছে। গত শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত উপজেলার বাসুয়াড়ি, মাঝিয়ালি ও খালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের বাল্য বিয়ে বন্ধ করেন। আদালত এসময় বাল্য বিয়ে আয়োজনের অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা জরিমানা ও একজনকে আটকাদেশ দিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের পেশকার মাসুদ হোসেন জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রামের মৃত হানিফ চৌধুরীর কিশোরি মেয়ে রিংকি খাতুন(১৪) বিয়ের আয়োজন চলছিলো যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ইলিয়াজ হোসেনের ছেলের সাথে। দুপুর গড়াতেই বর বিল্লাল হোসেন(১৬) বরযাত্রীসহ গাড়িবহর নিয়ে বিয়ে বাড়ি হাজির হয়। অভিযানের খবর পেয়ে বর বিল্লাল সেখান থেকে সটকে পড়ে। বিয়ে আয়োজনের অপরাধে কনের মা শিউলি বেগমকে(৪২) ও মামা টিটো মিয়াকে(৩৩) আটক করে তাদেরকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। রিংকি জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
একই দিনে মাগুরা জেলার আজমপুরের বাটিকাবাড়ি এলাকা থেকে গোপনে বিয়ে করার উদ্দেশ্যে বর কনেসহ বাঘাপাড়ার সীমান্তবর্তি জহুরপুরের খালিয়া গ্রামের অজ্ঞাত এক বাড়িতে হাজির হয়। সন্ধ্যা ৬ টার দিকে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে বরযাত্রীর ৬টি গাড়ি আটক করে খাজুরা পুলিশ ফাঁড়িতে রাখা হয়। কনে সুমি আক্তার(১৬) ও বর উজ্জ্বল মোল্যা দু’জনেরই বাড়ি মাগুরা জেলার বাটিকাবাড়ি এলাকায়। সুমি ওই এলাকার রিপন বিশ্বাসের মেয়ে। সে মাগুরা জেলার আমুড়িয়া কারিগরি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। এসময় ভ্রাম্যমান আদালত কনের মা রোজিনা বেগমকে(৩০) ১০ দিন ও বরের বোন শাম্মী আক্তারকে(২২) ৩ দিনের কারাদ-াদেশ দেন। এছাড়া বরযাত্রী সজীব মোল্যাকে ২ হাজার টাকা জরিমানা ও কনে সুমিকে এক মাসের আটকাদেশ দিয়ে যশোর শেল্টার হোমে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আফরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর এলাকায় অভিযান চালিয়ে বাল্য বিয়ের সাথে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বর পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তিনি আরোও জানান, বাসুয়াড়ি ইউনিয়নের একটি এলাকায় বাল্য বিয়ের প্রস্তুতির খবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ রাখার জন্য দুই পক্ষকে সতর্ক করা হয়েছে।
স/এষ্

