নিজস্ব প্রতিবেদক ।। সাড়ে ৪ কোটি টাকার ব্যাংক ঋণ খেলাপির দায়ে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান তপনের বাড়ি ও জমি নিলামে তুলেছে ব্যাংক এশিয়া। এ ঘটনাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত ১২ অক্টোবর স্থানীয় একটি পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংক এশিয়া যশোর শাখা। আগ্রহী ক্রেতাদের ২ নভেম্বরের মধ্যে দরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মনিরুজ্জামান তপনের বাড়ি যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট গ্রামে অবস্থিত।
ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স মনির ট্রেডার্স–এর মালিক মনিরুজ্জামান। পাশাপাশি তিনি আইসিএল-এমএমটি জেভি নামের প্রতিষ্ঠানেরও অংশীদার। নেওয়া ঋণের বিপরীতে যশোর কোতোয়ালী থানার চুড়ামনকাটি মৌজায় ৫ শতক জমি ও নির্মাণাধীন ভবন এবং কসবা মৌজায় ৫.৫০ শতক জমিসহ একটি বিল্ডিং ব্যাংকে বন্ধক রাখা হয়।
চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত ব্যাংকের পাওনা ছিল ৪ কোটি ৪০ লাখ ৩৮ হাজার ২০৫ টাকা ৮২ পয়সা। এ কারণে ব্যাংক কর্তৃপক্ষ বন্ধক সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা মনিরুজ্জামান তপন দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সালিশ বাণিজ্য, দখলদারিত্ব, এমনকি হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে। এসব ঘটনায় একাধিকবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা জানান, তপনের বিরুদ্ধে দলীয় ক্ষোভ অনেকদিনের। তার বেপরোয়া আচরণের কারণে ইউনিয়ন বিএনপিতে বিভক্তি তৈরি হয়েছে।