বিনোদন ডেস্ক: এবার জাকিয়া বারী মম বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। এই অভিনেত্রীকে দেখা যাবে ‘ম্যাক্স কি গান’ নামে একটি ছবিতে। এ তথ্য ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে।
সিনেমাটির গল্প প্রসঙ্গে জানিয়েছে, কোটিপতি ম্যাক্স মনে করেন অর্থের জোর থাকলে জয় করা যায় সব কিছু। এমনকি তার মৃত ভাইকেও নাকি ফিরিয়ে আনা সম্ভব। সেখান থেকেই একের পর এক নারকীয় হত্যালীলায় মেতে ওঠে ম্যাক্স।
এই নিয়েই এগোয় ছবি। সাসপেন্সে মোড়া এই ছবিটি পরিচালনা করছেন সমীর খান। এই ছবিতে জাকিয়ার চরিত্র একজন সিবিআই অফিসারের। এছাড়াও রয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ অমিতা নাঙ্গিয়া এবং নিশান্ত পাণ্ডে।
ছবি প্রসঙ্গে মম বলেন, ‘আমার খুবই ভাল লাগছে। এই মুহূর্তে আমি ভুটানে রয়েছি ছবির শুটের জন্য। ২৩ অগস্ট পর্যন্ত শুটিং চলবে এখানে।’
আগামী দিনে কি টলিউডেও দেখা যাবে জাকিয়াকে? এমন প্রশ্নের জবাবে মম বলেন, ‘টলিউডেও কাজ করতে আমি আগ্রহী। তবে পাশাপাশি বাংলাদেশেও কাজ চালিয়ে যেতে চাই। ওটি আমার নিজের দেশ। ওই দেশই আমাকে পরিচিতি এনে দিয়েছে। তাই সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশই।’
উল্লেখ্য যে, ‘ম্যাক্স কি গান’ নিয়ে ছবির নির্মাতা ফয়সাল সাইফের সঙ্গে ২০১৭ সালে পাকা কথা হয়ে গেলেও নানা কারণে ছবির শুটিং পিছিয়ে যায়।
স/এন

