বর্ষার সময়ে বিলের মাঝখানে থাকা দ্বীপেরমতো গ্রামগুলোতে যাতায়াত দূর্ভোগ
এম এম রহমান : মুন্সীগঞ্জে বর্ষার সময়ে বিভিন্ন এলাকায় নদী, খাল এবং বিলের মাঝখানে থাকা ছোট ছোট গ্রামের বাড়ীগুলো যেন একেকটি আলাদা আলাদা দ্বীপ। শুকনো মৌসুমে এসব বাড়ী ঘরের মানুষ পায়ে হেঁটে জমির আইল ধরে চলাচল করেন।
বর্ষার সময়ে খালে , বিলে পানি চলে আসলে বর্ষা মৌসুমে নিয়মিত যাতায়াতে ব্যক্তিগত নৌকাই পারাপারের একমাত্র ভরসা। প্রয়োজন বোধে অধিকাংশ পরিবার নিজস্ব নৌকা দিয়ে খেয়া পাড়ি দেন। অধিকাংশ গ্রামে যাতায়াতে নির্ধারিত খেয়া নৌকা নেই। তবে যাদের নিজস্ব নৌকা নেই তারা অন্যের নৌকার উপর নির্ভর করে খেয়া পাড়ি দিচ্ছেন বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী অনেকে।
জানাগেছে, ছোট ছোট গ্রামগুলোতে যাতায়াতের কাঁচা মাটির বেশির ভাগ নিচু রাস্তাগুলো বর্ষার সময়ে পানির নিচে তলিয়ে যায় । এ জন্য কাঠের তৈরি ছোট-বড় নৌকা দিয়ে দ্বীপ গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়। বছরের তিন থেকে চার মাস পানিবন্দি থাকতে হয় দ্বীপ গ্রামের বাসিন্দাদের। বর্তমানে জেলার চারদিকে পানি থইথই করছে। বিলের মাঝে অবস্থিত গ্রামগুলোকে দূর থেকে দেখলে দ্বীপের মতো মনে হয়।
সড়ক সংলগ্ন গ্রামের মানুষ খুব সহজে পাকা সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করলেও বিপাকে পড়েন বিলের মাঝখানে থাকা মানুষগুলো। তাদেরকে ছোট ছোট কাঠের নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। খাল বিলে পানি বৃদ্ধি কিংবা বন্যা দেখা দিলে বিল এলাকার দ্বীপ গ্রামগুলোতে যাতায়াতে দূর্ভোগ বেড়ে যায়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ছোট ছোট নদী কিংবা খালের তীরের গ্রামগুলোতে যাতায়াতের জন্য নির্ধারিত নৌকা রয়েছে। তবে অধিকাংশ ছোট ছোট গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম নিজস্ব নৌকা। যাদের নিজস্ব নৌকা নেই তারা অন্যের নৌকা খেয়াপাড়ে আসা পর্যন্ত অনেকে অপেক্ষা করেন। বিলের মাঝখানে বাড়ীঘরের মানুষগুলোকে বর্ষা এলেই এই ভোগান্তিতে পড়তে হয়।
বেশ কয়েকটি দ্বীপ গ্রামের খেয়াঘাটে গিয়ে দেখা গেছে কখনও ওপার থেকে কেউ নৌকা নিবে আসবে সেই অপেক্ষায় অনেকে খালের তীরে দাঁড়িয়ে রয়েছেন। কোন কোন এলাকায় নির্ধারিত নৌকা দিয়েই যাত্রী সাধারনকে তাদের বাড়ীঘরে যাওয়া আসা করতে দেখা গেছে।
জেলা সদরের দক্ষিন ফুলতলা এলাকায় খেয়া পারাপারের অপেক্ষায় থাকা বৃদ্ধ শফিক চাঁন মিয়া । দক্ষিন ফুলতলা গ্রামে তার মেয়ের শ্বশুরবাড়ীতে যাবেন তিনি। প্রায় ২ ঘন্টা ধরে বসে আছেন কখনও ঐ পার থেকে কেউ নৌকা নিয়ে এপার আসবে তখন তিনি ওপারে যাবেন।
প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পর দক্ষিন ফুলতলা গ্রাম থেকে নিজস্ব কাঠের নৌকা নিয়ে রজতরেখা নদীর পশ্চিম তীরে আসেন আহসান নামের এক ব্যক্তি। তার ছোট ছেলে বাজারে যাবে তাই তাকে তিনি নদীর এইপারে নামিয়ে দিচ্ছেণ। সেই নৌকায় বৃদ্ধ শফিক চাঁন উঠে চলে গেছেন।
স্থানীয় মুরুব্বি নূরউদ্দিন আখন বলেন, বিলের মাঝখানে যাদের গ্রাম এবং বাড়ী বর্ষার সময়ে তাদের যাতায়াতের একমাত্র বাহন কাঠের নৌকা। যাদের নিজস্ব নৌকা আছে তারা সমস্যা পড়ছে না। কিন্তু যেসব মানুষের নিজস্ব নৌকা নেই তারা অন্যের উপর নির্ভরশীল। তিনি আরো বলেন, গ্রামের অভ্যন্তরিন যাতায়াতের সড়কগুলোকে সংস্কার এবং ছোট ছোট গ্রামগুলোতে যাতায়াতের রাস্তা গড়ে তোলা হলে এই সমস্যা কেটে যেতো। এসব সমস্যা দীর্ঘদিনের হলেও আজ পর্যন্ত সমাধান হয়নি।
স/এষ্

