বানারীপাড়া-উজিরপুর, দুই উপজেলা নিয়ে নির্বাচনী আসন বরিশাল-২। বর্তমান সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। ভদ্রলোক হিসেবে পরিচিত। তবে এলাকার উন্নয়নে গত চার বছরে দৃশ্যমান তেমন কিছুই করতে পারেন নি। তালুকদার ইউনুসের বাড়ি পাশ্ববর্তী গৌরনদী উপজেলায়। সংগত কারণেই বানারীপাড়া-উজিরপুরের আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়ন অনেকটাই অনিশ্চিত বলে ইঙ্গিত মিলেছে দলের শীর্ষ পর্যায় থেকে।
সম্ভাব্য প্রার্থী রয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম। প্রতিবারই মনোনয়ন দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত তার ভাগ্যে নৌকা জোটে না। স্থানীয় সূত্রে জানা যায়, অভ্যন্তরীন দ্বন্দ্ব এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় বারবারই তিনি পিছিয়ে পড়ছেন। তবে এবার তার প্রতি কেন্দ্রীয় সুদৃষ্টি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন-মিডিয়া ব্যক্তিত্ব ও তরুণ আওয়ামী লীগ নেতা সুজন হালদার। মনোনয়ন না পেয়ে কেন্দ্রের নির্দেশে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন।
উজিরপুর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা জানান, এ জনপদের মানুষ দীর্ঘদিন ‘নিজস্ব প্রতিনিধি’ পায়নি। সুজন হালদার-আওয়ামী লীগের সময়ে-দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন, করবেন।
অপরদিকে বানারীপাড়া ছাত্রলীগের সাবেক এক নেতা জানান, ‘আমরা আর বাইরের লোক চাই না।’ ‘সুজন ভাই’-শতভাগ কমিটেড একজন লোক। তাছাড়া মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে জাতীয়ভাবে তিনি যে ভূমিকা রেখেছেন, তা জাতি দীর্ঘদিন মনে রাখবে।
খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা-বরিশাল-২ আসন থেকে সুজন হালদারকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাচ্ছেন। তবে এ ব্যাপারে সুজন হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।
এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, শেরে বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি। সমকাল সম্পাদক গোলাম সারওয়ারও মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে। তবে এলাকার রাজনীতিতে তিনি কখনোই সক্রিয় না থাকায়, তার ব্যাপারে নেতা কর্মীদের আগ্রহ কম। তাছাড়া গোলাম সারওয়ার নিজে আদৌ প্রার্থী হতে চাইবেন কি-না; তাও স্পষ্ট নয়।
সময় যত গড়াচ্ছে উজিরপুর-বানারীপাড়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্যতম প্রধান বিষয়-এবার আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন?
বর্তমান এমপি তালুকদার মোহাম্মদ ইউনু, শাহে আলম না-কি সুজন হালদার? এখন অপেক্ষা শুধু সময়ের।
স/এষ্

