বরিশালে সীতারামের দীঘি ভরাট:তদান্তের নির্দেশ হাইকোর্টের
বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের দুই শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জলাধার (দীঘি) বালু দিয়ে ভরাট এবং এর মালিকানা দাবির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরিশাল জেলা প্রশাসক ও স্থানীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালককে এ বিষয়ে তদন্ত করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাশাপাশি ওই দীঘি ভরাট কেন অবৈধ ঘোষণা করা হবে না, এসএ ও আরএস পর্চা ম্যাপ অনুসারে দীঘিটি পূর্বের অবস্থায় কেন ফেরত নেয়া হবে না এবং দীঘিটির চারপাশে পিলার দিয়ে কেন সৌন্দর্য বর্ধন করে সংরক্ষণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে সোমবার (৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাসান তারিক পলাশ।
উল্লেখ্য,নগরীর সবচেয়ে বৃহৎ ও দুই শতাধিক বছরের প্রাচীন জলাধার বালি দিয়ে ভরে ফেলছে জমির মালিকানা দাবি করা সাবেক এক ইউপি চেয়ারম্যান। ইতোমধ্যে ট্রাকে করে বৃহৎ এই জলাধারের কিয়দাংশ ভরাট করে ফেলা হয়েছে।
এত বড় জলাধার বন্ধে স্থানীয় প্রশাসন বাধা দিলেও চুপিসারে প্রতিনিয়ত ভরে ফেলা হচ্ছে এই সম্পদ। জলাধারের কাগজপত্রে এটি সীতারামের দীঘি, পানীয় জলের জন্য সাধারণের ব্যবহার্য্য এই কথাটি উল্লেখ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত বালি দিয়ে ভরে হচ্ছে এই প্রাচীন ঐতিহ্য, প্রাকৃতিক সম্পদ।’
স/এষ্

