বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটার কার্যক্রম অব্যাহত রেখেছেন মালিকেরা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জ¦ালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঠ। ফলে একদিকে যেমন করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে, পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ এবং হুমকির মুখে পড়ছে ফসলি জমি।
উপজেলা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা যায়, উপজেলায় ইটভাটা রয়েছে মোট ২৭টি। এরমধ্যে লাইসেন্স রয়েছে মাত্র তিনটির। বন্ধ রয়েছে পাঁচটি। বাকি ১৯টি চলছে অবৈধভাবে। এদের না আছে কোনো লাইসেন্স, না আছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার অধিকাংশ ইটভাটায় কাজ করছেন ৭০-৮০ জন শ্রমিক। করোনা ভাইরাস নিয়ে এদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কিছুই নেই। তাদের চিন্তা একটাই কাজ না করলে খাব কী?
আরো দেখা যায়, অধিকাংশ ইটভাটাতেই জ¦ালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঠ। প্রশাসনকে দেখানোর জন্য কয়লাও রাখা হয়েছে। কিন্তু পোড়ানো হচ্ছে কাঠ। ফলে একদিকে যেমন বৃক্ষনিধন হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ।
আরো লক্ষ্য করা যায়, সকল ই্টভাটা গড়ে উঠেছে তিন ফসলি জমি নিধন করে বা আবাসিক এলাকায়। ফলে ফসলি জমি হুমকির মুখে পতিত হচ্ছে এবং ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য।
ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) সংশোধন আইন-২০১০ এর ৪৫৬ উপধারা মতে, আবাসিক এলাকা, উপজেলা সদর, ফলের বাগান, ফসলি জমি, বনাঞ্চল, লোকালয় ও জনবসতি এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না।
কিন্তু কেউ-ই মানছে না এই আইন। দিনের পর দিন এভাবেই চলে আসছে ইটভাটা ব্যবসা। নির্বিকার প্রশাসন।
এলাকাবাসীর অভিযোগ, এইসব ইটভাটা মালিকরা অনেক প্রভাবশালী। তারা টাকার বিনিময়ে প্রশাসন ম্যানেজ করে। আবার আশেপাশের জমির মালিকদের টাকার লোভ দেখিয়ে ফসলি জমির মাটি কেটে নিয়ে যায় ইটভাটাতে। ফলে দিন দিন ফসলি জমি কমে যাচ্ছে।
উপজেলার পাহারপুর ইউপির মেসার্স আদিল ব্রিকস্ এর ম্যানেজার রাব্বি বলেন, করোনার কারণে ইটভাটা বন্ধ করলে শ্রমিকরা খাবে কী? তাই আমরা ভাটা চালাচ্ছি। তবে দুই এক দিনের মধ্যে বন্ধ করে দেব।
এমবিএফ ইটভাটার ম্যানেজার চঞ্চলের কাছে কাঠ পোড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি ইটভাটার মালিক এনামুলের সাথে কথা বলতে বলেন। দুটি ইটভাটার মালিক এনামুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
উপজেলার খোজাগারি গ্রামের সততা বিক্স এর অংশীদার বকুল বলেন, দুই তিন দিনের মধ্যে ভাটা বন্ধ করা হবে। কাঠ কেন পোড়াচ্ছেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে চলে যান।
ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ জানান, সমিতির পক্ষ থেকে আমরা সব ইটভাটা মালিককেই বন্ধ করতে বলেছি এবং সবাই বন্ধ করেছে। কাঠ পোড়ানোর বিষয়ে তিনি বলেন, দুই তিনটা ইটভাটা আছে যারা গোপনে কাঠ পোড়ায়। কিন্তু অধিকাংশ ইটভাটা জ¦ালানি হিসেবে কয়লা ব্যবহার করে।
পরিবেশ অধিদপ্তর নওগাঁ এর সহকারী পরিচালক মকবুল হোসেন জানান, বদলগাছীতে বর্তমানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কারোরই নেই। দুই তিনটি ইটভাটার ছিল যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। জেলা প্রশাসকের নিয়োজিত ম্যাজিস্ট্রেট ছাড়া আমরা ভ্রাম্যমাণ পরিচালনা করতে পারি না। যদি ভ্রাম্যমাণ দেওয়ার মতো কোনো অনুমতি আসে তবে আমরা ব্যবস্থা নেব।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির গণ মাধ্যমকর্মীকে জানান, ইটভাটা মালিক সমিতিকে নিষেধ করেছি শ্রমিকদের এখন কাজ না করাতে। কাঠ পোড়ানোর বিষয়ে তিনি বলেন, অন্যায় কাজ করলে কেউ-ই ছাড় পাবে না। আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত এবিষয়ে ব্যবস্থা নেব।
স/এষ্

