খালিদ হোসেন মিলু বদলগাছী, (নওগাঁ): নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম বন্ধ করতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সাপ্তাহিক বাজারে ক্রেতা বিক্রেতা যাতে সহজে বেচাকেনা করতে পারে এজন্যই বদলগাছী সদর সাপ্তাহিক হাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়।
শনিবার ভোর ৬ টা থেকে প্রথম হাট বসে স্টেডিয়াম মাঠে। স্টেডিয়াম মাঠে হাট লাগানোর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির, সহকারী কমিশনার(ভূমি) মো. নাহারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ হাট কমিটি ও ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে। সে মোতাবেক জনগণকে সচেতন করতে কয়েকদিন থেকেই প্রচার প্রচারণা চালানো হয়। স্টেডিয়ামে হাট লাগানোর প্রথম দিন বদলগাছী সদর হাট দুই ভাগে বিভক্ত হয়। স্টেডিয়ামে কাঁচা পাইকারী বাজার বসলেও সদর হাটে কাঁচামালের বসতি বাজার রয়েছে, মাছ বাজার, চাল বাজার, পান-সুপারী, গামছা ও জুতার দোকান সদর হাটেই বসে। জন্যই হাট দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পাইকারী ক্রেতা-বিক্রেতা থাকলেও খুচরা ক্রেতা স্টেডিয়ামে সিমিত।
দু-এক জন ব্যবসায়ীর সাথে কথা বললে তারা জানায়, হাট দুই জায়গায় থাকলে স্টেডিয়াম মাঠে কোনো ক্রেতা আসবে না। সদর হাটে কাঁচা তরকারী, চাল, ডাল, মাছ, মাংসসহ বেশ কিছু দোকান রয়েছে। যার ফলে সাধারণ ক্রেতারা স্টেডিয়াম মাঠে আসছে না। ভোর থেকে বসে আছি কিন্তু তেমন কোনো বিক্রি নেই। কাঁচা তরকারী বিক্রি না হলে নষ্ট হয়ে যাবে। যার ফলে আমাদের পুঁজি শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা আর দোকান করতে পারবো না।
স্টেডিয়াম মাঠের ব্যবসায়ীরা দাবী জানায়, সদর হাটে যেসব দোকান রয়েছে সাপ্তাহিক হাটের দিনে তাদেরকেও এখানে নিয়ে আসতে হবে অথবা দোকানগুলো বন্ধ রাখতে হবে। তাহলে স্টেডিয়ামে বেচাকেনা করা সম্ভব।
সহকারী কমিশনার(ভূমি) মো. নাহারুল ইসলাম বলেন, স্টেডিয়াম মাঠে হাটের প্রথম দিন কিছুটা বিঘ্ন ঘটেছে। আশা করি আগামী হাট থেকে এ সমস্যা আর থাকবে না। ঐদিন সব দোকানই স্টেডিয়ামে বসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, আমরা করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। সামাজিক দূরত্বটা ঠিক রাখার জন্যই সাপ্তাহিক হাট স্টেডিয়াম মাঠে স্থানান্তর করা হয়েছে। আশা করি আগামী হাট থেকে আর কোনো সমস্যা থাকবে না।
স/এষ্

