বদলগাছীতে ধান বোঝাই ভটভটি উল্টে নিহত ২
খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় একটি ধানবোঝাই ভটভটি উল্টে পুকুরে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার চকদেউলিয়া গ্রামের মতিউর রহমানের বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউপি’র ভগবানপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে আবদুল মজিদ (২৮) ও কাশিমালা গ্রামের মৃত দছির উদ্দিনের ছেলে লিটন হোসেন (৩৬)। এ ঘটনায় চালক ছুম্মা হোসেন (২৩) গুরুতর আহত হয়েছেন। তিনি ব্যাশপুর গ্রামের খোকন হোসেনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবারসূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ধানবোঝাই ভটভটিতে চড়ে ৪/৫ জন শ্রমিক ভান্ডারপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চকদেউলিয়া গ্রামের মতিউর রহমানের বাড়ির সামনে ভটভটিটি উল্টে পুকুরে পড়ে যায়। অন্যরা লাফ দিয়ে রক্ষা পেলেও দুই শ্রমিক পুকুরের পানিতে ধানের বস্তার নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন এসে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
বদলগাছী থানার এসআই কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। পুকুরসংলগ্ন কাঁচা রাস্তায় বৃষ্টির পানি আটকে গর্তের সৃষ্টি হয়। চালক দেখতে না পেয়ে ওই গর্তের ওপর ভটভটি তুলে দিলে গর্তে চাকা দেবে উল্টে পুকুরে পড়ে যায়। পুকুরের পানিতে ধানের বস্তায় চাপা পড়ে মজিদ ও লিটন মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/এষ্

