খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে খাদাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলার মাঠে গ্রামবাসীকে হাট লাগানোর সুযোগ দিয়ে বিপাকে পড়েছে স্কুল কতৃপক্ষ। হাট লাগিয়ে স্কুল কর্তৃপক্ষ লাভবান হচ্ছে না। লাভের ভাগ খাচ্ছে টিয়া।
পুরো মাঠ দখল করে গ্রামের কতিপয় ব্যক্তি ব্যবসা বাণিজ্য দোকান গড়ে তোলে। তারা ইচ্ছেমত মাঠের জমি বেচা কেনা করছে। দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে। স্কুলের জায়গায় দোকান ঘড় করলেও স্কুল কতর্ৃপক্ষকে কেউ তোয়াক্কা করে না।
স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, খাদাইল গ্রামের প্রয়াত মৌসুদ আলী ছাত্রছাত্রীদের খেলার মাঠ হিসেবে ১৯৫৯ সালে ৩৬ শতক স্কুলের নামে জমি কবলা দেয় । ছাত্রছাত্রীরা সেই মাঠে খেলাধূলা করত। পরবর্তীতে গ্রামবাসী সেই মাঠে হাট লাগান।
এই সুযোগ নিয়ে তৎকালীন স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষককে ম্যানেজ করে গ্রামের কতিপয় ব্যক্তি এককালীন কিছু অর্থ স্কুলে জমা দিয়ে সেখানে দোকান ঘড় করেছে। তাছাড়া অধিকাংশ দোকান মালিকরা ক্ষমতাবলে জায়গা দখল করে দোকান ঘড় নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। আবার এদের কেউ কেউ একাধিক দোকান ঘড় নির্মাণ করে ভাড়া দিয়েছে।
স্কুল কর্তৃপক্ষ দোকান মালিকের কাছ থেকে কোন ভাড়া পায় না। সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার ২দিন হাট বসে স্কুল মাঠে। স্থানীয়ভাবে হাট ডাক দেওয়া হয় চৈত্র মাসে।
প্রতিবছর ১০ থেকে ১২ হাজার টাকা ডাক হয় এই হাট। অধিকাংশ বছর এই ডাকের টাকা স্কুলে দেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে। যখন যে সভাপতি হয় সে হাট কমিটির সঙ্গে যোগ সাজস করে ডাকের টাকা আত্মসাত করে।
প্রধান শিক্ষক জানান গত বছর ১০ হাজার টাকা ডাক হলেও স্কুলে জমা দেওয়া হয়েছে সাড়ে সাত হাজার টাকা। চলতি বছরের ডাকের ১০ হাজার টাকা এখনো জমা করা হয়নি। খাদাইল হাটের স্থানীয় দোকানদার আমিনুর রহমান জানায় সে খাদাইল গ্রামের জুয়েলের নিকট থেকে পজিশন কিনে নিয়ে দোকানঘড় নির্মাণ করেছে। তাকে মাসে ভাড়া দিতে হয় ৫০০ টাকা।
চায়ের স্টলের মালিক আলেক জানায় সামসুল সোনারের কাছ থেকে ঘড় ভাড়া নিয়েছে। মাসে ভাড়া দিতে হয় ৭৫০ টাকা। সকল দোকানদার বললেন স্কুলের জায়গা হলেও ভাড়া স্কুল কর্তৃপক্ষ পায় না। কেন পায় না জানতে চাইলে তারা কৌশলে এড়িয়ে যায়। এ বিষয়ে হাইস্কুলের সভাপতি মোস্তাকিম হোসেন বাবলুর সঙ্গে কথা বললে তিনি জানান, হাট ডাকের টাকা প্রাথমিক বিদ্যালয় নেয়।
কিন্তু স্থায়ীভাবে যারা দোকান করেছে তারা দোকান ভাড়া স্কুলে দেয় না। হাটবারের দিন প্রতিটি দোকানদার ৫ টাকা করে টোল দেয়। খাদাইল হাইস্কুলের সভাপতি রিয়াজুল করিম এসকেন জানান, হাটের মাঝে একটি পুরাতন পাইকর গাছ ছিল।
বিপজ্জনক অবস্থায় গাছটি সরকারিভাবে নিলাম করা হয়। তারপর থেকে জায়গাটি ফাঁকা পড়ে রয়েছে। সে জায়গাটি পজিশন বিক্রি করে হাইস্কুলের কাজে লাগাতে চেয়েছিলাম কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসিল্যাণ্ড বরাবর লিখিত অভিযোগ করার জন্যই আমি সেই জায়গাতে আর যাইনি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান বলেন, খাদাইল স্কুলের খেলার মাঠ বেদখল হয়ে আছে বিষয়টি আমি জানি এবং উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি। গ্রামবাসীর ভুলে চিরদিনের জন্য খেলাধূলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কচিকাঁচা শিশুরা।
স/এষ্

