‘বীর’ শিরোনামের নতুন সিনেমার সেটে বছরের প্রথম শুটিং শুরু করবেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। আগামী ১২ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এই ছবিটির চিত্রায়নের কাজ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন এ সময়ের আলোচিত অভিনেত্রী বুবলী। বীর ছবিতে শাকিবের বিপরীতে প্রেম রসায়নে বুবলীকেই দেখবেন দর্শক। কেননা, এই মুহূর্তে দেশের সিনেপর্দায় নিজের বিপরীতে নায়িকা হিসেবে বুবলীই তার প্রথম পছন্দ বলে জানা গেছে।
শাকিবের নায়িকা হয়ে এর আগে আটটি ছবিতে অভিনয়ের পারদ ছড়িয়ে নবমবারের মত জুটি গড়তে চলেছেন বুবলী। ‘বীর’-এ বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল। তবে বুবলী ছাড়াও ছবিতে থাকছেন নবাগত ছোট পর্দার অভিনেত্রী তামান্না ইসরাত সোহানী।
গত বছরের শেষ সপ্তাহে জানানো হয়েছিল চমক আকারে জানানো হবে নায়িকার নাম। অনেকেই ধরে নিয়েছিল যে, হয়তো এবার নিয়মিত কোনো নায়িকা নয়, শাকিবের বিপরীতে নতুন কোনো লাস্যময়ীকে দেখা যাবে ঢালিউড সিনে পর্দায়। কিন্তু না বুবলীতেই আস্থা রাখছেন শাকিবসহ এই সিনেমা-সংশ্লিষ্টরা।
ছবিটি প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা এই ছবিটিকে ঘিরে নানা রকম চমক রেখেছি। এই ছবির মধ্য দিয়ে এবারই বড় পরিসরে সিনেপর্দায় আসছেন নতুন নায়িকা সোহানী। আগামী ১২ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এরপর ১৭ জানুয়ারি থেকে আমরা পার্বত্য রাঙ্গামাটিতে পরবর্তী চিত্রায়ন করার পরিকল্পনা রয়েছে।’
‘বীর’ ছবিটি হতে যাচ্ছে খ্যাতিমান পরিচালক ও অভিনেতা কাজী হায়াত পরিচালিত ৫০তম চলচ্চিত্র। এ ছবির মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নাম লেখালেন শাকিব খান। গীতিকার মুন্সী ওয়াদুদের লেখা পুঁথি ঘরানার একটি গানে কণ্ঠ দেবেন শাকিব।
স/এষ্

