– রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন ছিল সোনার বাংলা। তা গড়ার লক্ষ্যে সকলকেই মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তিনি গতকাল সোমবার বিকেলে বাজিতপুর ডিগ্রী কলেজে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে পুরাতন ধ্যান-ধারণ বাদ দিয়ে শিক্ষার্থীদের সময়োপযোগী কর্মমুখী শিক্ষা গ্রহন করতে হবে।
বাজিতপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, মোঃ আফজল হোসেন এমপি, এ্যাডভোকেট সোহরাব উদ্দিন এম.পি, সাবেক এমপি মঞ্জুর আহাম্মেদ বাচ্চু, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোঃ আনোয়ার খানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় তিনি বাজিতপুর উপজেলার সরারচর হেলিপ্যাডে অবতরণ করেন। পরে বাজিতপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও চারটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। তিনি সন্ধ্যায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন।
মঙ্গলবার কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা রয়েছে।
স/মা

