ফুলপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুকন্যা মৃত উদ্ধার
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি-মোঃ কামরুল ইসলাম খান-ময়মনসিংহের ফুলপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া শিশুকন্যা আদিবাকে (৭) মৃত উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে বায়রাখালি ব্রিজ সংলগ্ন খাল থেকে তাকে উদ্ধার করা হয়। আদিবা শেরপুরের নকলা উপজেলার বাদাগুর গ্রামের জুয়েলের শিশুকন্যা। সে ফুলপুর উপজেলার দনারভিটা এলাকায় ফুফা সাইদুল ইসলাম ও ফুফু শাহনাজের বাড়িতে ২-৩দিন আগে বেড়াতে এসেছিল।
পরে গতকাল দুপুরে আরো কয়েকজন শিশুর সাথে ইছামতি নদীতে গোসল করতে নামলে হঠাৎ সে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুজির পরও না পাওয়া গেলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাসের নেতৃত্বে ডুবুরিদল কর্মীরা নদীতে ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু বুধবারে তাকে পাওয়া যায়নি। অবশেষে আজ বৃহস্পতিবার মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি পাওয়া গেছে। সকাল বেলায় আমাদের পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিশুটির অভিভাবকরা তাকে নকলায় নিয়ে গেছে।
স/বি

