সেই লোমশ বিশালদেহী হাতিরা, আবার ফিরে আসছে! অবিশ্বাস্য মনে হলেও সত্যি সত্যি ঘটতে চলেছে এমন ঘটনা। এ জন্য টাইমমেশিনে চড়ে আমাদের ৪০ হাজার বছর পিছিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না।
হার্ভার্ডের একদল বিজ্ঞানীর দৌলতে জিনের গবেষণায় আসছে এই অবলুপ্ত ম্যামথেরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ জন্য তারা জিন-এডিটিং প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন। হাতির ডিএনএর সঙ্গে পশমওয়ালা বিলুপ্ত ম্যামথের ডিএনএর সংমিশ্রণ ঘটিয়ে যে ম্যামথকে তারা ফিরিয়ে আনছেন, তার নাম দেওয়া হয়েছে ‘ম্যামোফ্যান্ট।’
চলতি সপ্তাহে বস্টনে অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের বার্ষিক সভায় এই পরিকল্পনার কথা ব্যক্ত করেন হার্ভার্ডের বিজ্ঞানীরা। তাদের দাবি, গোটা পরিকল্পনা রূপায়ণে বড় জোর দুই বছর সময় লাগবে। আগামী এক দশকের মধ্যে সদর্পে তারা ঘুরে বেড়াবে, ৪০ হাজার বছর আগে যেমনটি ছিল।
জানা গেছে, ২০১৫ সাল থেকেই ম্যামোফ্যান্ট তৈরির কাজ চলছে নিঃশব্দে। এর মধ্যে গবেষণাগারে বেশ কয়েক প্রস্থ হাতির জিনে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এর মধ্যেই কেউ কেউ অবশ্য আশঙ্কাও ব্যক্ত করেছেন, সৃষ্টির পিছনে হেঁটে আমরা নিজেদের বিপদ ডেকে আনছি না তো?
স/শা

