ফরিদপুর-২ উপনির্বাচন: নৌকার মাঝি হলেন লাবু চৌধুরী
আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো: ফরিদপুর-২, আসনের (নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
মঙ্গলবার (৪ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যা ৭টার দিকে মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত করে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, ইনশাআল্লাহ, মহান আল্লাহর মেহেরবানীতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট আমাকে দিয়েছেন। আমি সবার কাছে দোয়া ও আর্শীবাদ চাই।
তিনি আরো বলেন, আমি যেন আমার মায়ের (সৈয়দা সাজেদা চৌধুরী) ও আমার নেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করতে পারি।
দলীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-২, আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ১৫ জন প্রার্থী আবেদন করেছিলেন।
তারা হলেন, সদ্য প্রয়াত সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরী ও শাহদাব আকবর লাবু চৌধুরী। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মেজর (অব.) আতমা হালিম দুলু, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপ-কমিটির সদস্য মো. সাব্বির হোসেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মো. লায়েকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ মিয়া, কালাচাঁদ চক্রবর্তী, এয়ার কমোডর কাজী দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব এবং এ বি এম শফিউল আলম বুলু।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর সোমবার এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর। এ উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর এ আসনটি শূন্য হয়।

