ফরিদপুরে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-২
আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী থেকে ২৫ কেজি গাঁজা সহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মনপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল খান (৩৬) ও বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস (২৩)।

ফরিদপুরের পুলিশ সুপার মো: শাহজাহান প্রেস ব্রিফিংয়ে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পোয়াইল বিশ্বাসপুর গ্রামের শুকুর মিয়ার ইট ভাটার পাশে অভিযান চালিয়ে দুই বস্তা ভর্তি ২৫ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় নিজাম নামে আরো একজন পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা পাইকারি কিনে এনে রাতের বেলায় সেখানে খুচরা বিক্রেতাদের নিকট এক কেজি দুই কেজি করে গাঁজা বিক্রি করছিলো। এসব মাদক কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া অঞ্চল থেকে অবৈধপথে এনে বিক্রি হচ্ছিলো বলে ধারনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত জুয়েল খান সালথার বারখাদিয়া গ্রামে বিয়ে করে ফরিদপুরে বসবাস করছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো মামলা রয়েছে।
বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

