ফরিদপুরে পাট ক্ষেত থেকে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি পাট ক্ষেতের ভেতর থেকে নুপুর সাহা (২৫) নামে এক নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) বিকালে উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের একটি পাট ক্ষেতের মধ্যে থেকে ওই নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার কর হয়।
নুপুর সাহা ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের কার্ত্তিক রায়ের স্ত্রী। তিনি আদ-দ্বীন নামে একটি এনজিও’র মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নুপুর সাহার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। এছাড়া তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম রেজা জানান, মঙ্গলবার সকালে নুপুর সাহা পৌর সদরের হোগলাডাঙ্গি গ্রামে এনজিওর টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর তার খোঁজ পায়নি পরিবার ও অফিসের লোকজন।
পরে বুধবার (৮ জুন) বিকেলে এলাকাবাসী একটি পাটক্ষেতের ভেতরে ওই নারীর অর্ধ বিবস্ত্র মরদেহ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। থানা থেকে পুলিশ গিয়ে পরে মরদেহটি উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের ও জেলা সদর থেকে সিআইডি’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।