ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ২০জনকে জরিমানা
আবু নাসের হুসাইন, ফরিদপুর:
ফরিদপুর জেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২০ জনকে ১৪ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।এছাড়াও আজ মঙ্গলবার সকাল ৬টা হতে পালাক্রমে জেলা পুলিশ বিভিন্ন পোস্টে মোতায়েন হয়ে কাজ করছে। মোবাইল টিমে নিয়োজিত পুলিশ সদস্যদের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানান।

পুলিশ জানায়, ফরিদপুর জেলা পুলিশের উদ্যেগে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে জনগণের জানমালের নিরাপত্তা বিধানকল্পে বিভিন্ন নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কঠোর বিধি-নিষেধ পালনে আইন শৃঙ্খলা রক্ষার্থে ফরিদপুর জেলা সদরে কোতয়ালী থানা ও অন্যান্য ৮টি থানা এলাকায় মোট ১৬টি চেকপোস্ট ও ২৯ টি মোবাইল টিম গঠনের মাধ্যমে নিরলসভাবে ফরিদপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, RAB, বিজিবি এবং বাংলাদেশ আনসারের সদস্যবৃন্দ মোতায়েন রয়েছে।
ফরিদপুর জেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় গতকাল সোমবার বিকাল ৪টা থেকে আজ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত, গত ২৪ ঘন্টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কোতয়ালী থানা এলাকায় ১৫ জন ব্যক্তিকে ১৩ হাজার ৯শ’ টাকা এবং নগরকান্দা থানা এলাকায় ৫ জনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ২০ জনকে ১৪ হাজার ৪শ’ (চৌদ্দ হাজার চারশত) টাকা জরিমানা করা হয়। এছাড়া আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ৩ টি অটো গাড়ি, ১ টি ব্যাটারি চালিত ভ্যান আটক করা হয়েছে। এছাড়াও ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক ১১ টি অটো গাড়ি (ইজিবাইক) ও ৪ টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

