হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ বালি উত্তোলন বন্ধ করে দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ধ্বংস করা হয়েছে বালি উত্তোলনে ব্যবহৃত ১২০০ ফুট পাইপ।
অভিযানের সময় মালিকসহ কোনো লোকজন পাওয়া না যাওয়ায় দন্ড প্রদান করা সম্ভব হয়নি । সদরপুর থানা পুলিশে বাহিনীর একটি দল আদালতকে সহায়তা করেন। জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া সংলগ্ন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থলে অবৈধ বালি উত্তোলনকারী কোনো লোকজন পাওয়া যায়নি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে বিজ্ঞ আদালতের নির্দেশে এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১২০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া নদী থেকে বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ রূপে অবৈধ।
স/মা

