হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী সিরাজুল ইসলামে অস্থায়ী কার্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আজ রবিবার সকালে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলামের নামে আওয়ামী লীগের অস্থায়ী পার্টি অফিস (রেল গেট সংলগ্ন) এ হামলা চালানো হয়। এসময় বেশ কিছু প্লাষ্টিকের চেয়ার ও একটি দোকানের কিছু মালামার নষ্ট করা হয়।
জামিল শরীফ নামে কাজী সিরাজের এক কর্মীর মধুখালী থানায় দায়েরকৃত অভিযোগপত্র থেকে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে স্থানীয় বখাটে সৌরভ হোসেন, আমিনুর রহমান, রনিসহ ৫/৬ জন যুবক হঠাৎ করে কাজী সিরাজের আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা চালায়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বেশ কিছু প্লাস্টিকের চেয়ার, টেবিল ভাংচুর করে। এসময় তারা অফিসের পাশে থাকা শাহজাহানের মুদি দোকানে ভাংচুর করে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগপত্রে উল্লেখ্য করা হয়।
এ বিষয়ে মধুখালী থানার ওসি (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির সত্যতা যাচায়ের জন্য তদন্ত করা হচ্ছে।
স/মা

