বিড়াল সম্পর্কে বেশ কিছু নেতিবাচক ধারণা প্রচলিত রয়েছে। বিড়াল স্বার্থপর প্রাণি, আড়াই পা হাঁটলেই সব ভুলে যায় সে- এমন সব কথা অনেকেই বলেন। কিন্তু সম্প্রতি এসব ধারণা ভেঙে দিয়েছে কানাডার এক পরিবারের পোষা বিড়াল। আগুনের হাত থেকে প্রভুর পরিবারকে রক্ষা করেছে বিড়ালটি। এর মাধ্যমে সে প্রমাণ করল, বিড়ালও কুকুরের মতই প্রভুভক্ত।
কানাডার এক বাড়িতে রাতে আগুন লেগে গিয়েছিল। এদিকে মালকিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই বিপজ্জনক পরিস্থিতিতেও প্রাণ বাঁচাতে পালিয়ে যায়নি পোষা বিড়ালটি। চিৎকার করেও ঘুম ভাঙছে না দেখে সে মালকিনের হাতে জোরে কামড় বসিয়ে দেয়।
যন্ত্রণায় ঘুম ভেঙে মালকিন বুঝলেন, কোনো একটা বিপদ ঘটেছে। আগুন ধরেছে বুঝতে পেরে বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে বাইরে বেরিয়ে পড়েন তিনি। গ্র্যান্ড প্রেইরি কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান ট্রেভর গ্রান্ট সংবাদমাধ্যমকে এসব কথা জানিয়েছেন।
গত বুধবার ফোন পাওয়ার পর অ্যালবার্টার ক্লেয়ারমন্টের ওই বাড়িতে পৌঁছে ফায়ার সার্ভিসের লোকজন দেখে, পরিবারের সবাই সুরক্ষিত রয়েছেন।
গ্রান্ট বলেন, ‘দমকলকর্মীরা বাড়িটি থেকে আর একটি বিড়ালকে বের করে আনেন এবং আগুন নিভিয়ে ফেলেন। পোষা কুকুর বিপদের হাত থেকে পরিবারের লোকজনকে সতর্ক করেছে, এমন ঘটনা এর আগেও তিনি শুনেছেন। কিন্তু বিড়ালকে এই ভূমিকা নিতে এর আগে কখনও শোনা যায়নি।
স/শা

