হাসান মাহমুদ মিলু , বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারি, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চতুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ছরোয়ার মৃধা (৮২) বার্ধক্যজনিত কারনে ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোর পৌনে ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পঁচাত্তর পরবর্তীসময় আওয়ামী রাজনীতির চরম দুর্দিনে সাবেক সাংসদ আব্দুর রউফ মিয়ার সাথে স্থানীয় আওয়ামী রাজনীতিকে শক্ত হাতে সামাল দেন । ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত তিনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯১ সাল থেকে ২০০২ খ্রিঃ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে নির্বাচিত হন চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া নানা সামাজিক সংগঠনের কর্ণধারের দায়িত্ব পালন করেন তিনি।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ মো. আব্দুর রহমান, ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাড. মো. লিয়াকত সিকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায় প্রমুখ। মরহুমের জানাজার নামাজ ২২ অক্টোবর বিকাল ৩ টায় বোয়ালমারী ছোলনা গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে।
স/ম

