ইমলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলে পানি সংকট সমাধানের দাবিতে প্রকৌশল অফিস ঘেরাও করেছে ছাত্রীরা। শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা প্রকৌশল অফিসের সামনের রাস্তা অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা রাস্তায় বসে প্রায় পৌনে ১ঘন্টা অবরোধ করে রাখে বলে জানা গেছে। একইসাথে হল প্রভোস্টের পদত্যাগও দাবি করেন হলের শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান উপস্থিত হলে ছাত্রীরা অভিযোগ করে বলেন, ‘গত এক মাস ধরে আমাদের হলে ঠিকমত পানি থাকে না। বেসিন আর ট্যাপের পানি বের হয় খুবই ধীরগতিতে। আমরা গোসল, টয়লেট, ধোয়ামোছার কাজের জন্য পানি পাইনা। আমরা বার বার অভিযোগ দিলেও এর কোন সমাধান করা হয়নি। এছাড়া আমাদের হলের কক্ষে সাপ, ডাইনিং এ নিন্মমানের খাবার, হাউস টিউটরদের হলের খোঁজ না নেয়াসহ প্রায় ডজন খানেক সমস্যার কথা তুলে ধরেন ছাত্রীরা। হলের সমস্যা অভিযোগের খাতায় লেখা হলেও কর্তৃপক্ষকে কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। প্রভোস্টকে বারবার বলা সত্ত্বেও সমাধান না করায় আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। যে অবিভাবক শিক্ষার্থীদের সমস্যার কথা শুনতে চান না এমন অবিভাবক আমাদের দরকার নেই।’
হল প্রভোস্ট প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মাস ধরে নয়, এক সপ্তাহ আগে পানির সমস্যা হয়েছিল। আমি শোনা মাত্রই বিষয়টি সমাধান করেছি। গতকাল (শুক্রবার) দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হলের পানি ছিল না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাথরুমে পানি না থাকার বিষয়টি সত্য নয়। আমি হলের আয়া দিয়ে প্রত্যেক বাথরুমে পানি আছে কিনা খোঁজ নিয়েছি। তারা পানি আছে বলে জানিয়েছে।’
এবিষয়ে প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, ‘একটু ভুল বোঝাবুঝির কারনে এ সমস্যা সৃষ্টি হয়েছে। হলের পানির সমস্যা সমাধান করা হয়েছিল কিন্তু তা স্থায়ী হয়নি। পানির লাইনের কাজ চলছে আশা করি ঈদের পর কোন সমস্যা থাকবে না’।
স/এষ্

