পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির ঘটনায় সাত ব্যক্তিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৮ জুলাই) বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য নতুন সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় চার ব্যবসায়ীকে আগামী ১৬ জুলাই দুদকে হাজির থাকতে বলা হয়েছে। তারা হলেন_ ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, পরিচালক খন্দকার মঈনুল আহসান শামীম, আকতার মাহমুদ ও আহমেদ ইসমাইল হোসেন। প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির ঘটনায় জড়িত তিনজন হলেন_ উইং লিমিটেডের পরিচালক এরিক জনসন আনড্রেস উইলসন, ইন্ট্রিডিপ গ্রুপের ফারহান ইয়াকবুর রহমান এবং সেলকন শিপিং কোম্পানির মাহতাবা রহমান। তাদেরকে আগামী ১৭ জুলাই কমিশনে হাজির হতে বলা হয়েছে।
জানা যায়,কর ফাঁকি ও অর্থপাচার সংক্রান্ত পানামা পেপারস কেলেঙ্কারিতে রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ ৩৪ বাংলাদেশি ব্যাক্তি ও এক প্রতিষ্ঠানের নামও উঠে এসেছে ফাঁস হওয়া তথ্যে।
অভিযোগ অনুসন্ধানে ২০১৬ সালের এপ্রিলে দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁঞাকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক।
অন্যদিকে, ২০১৭ সালের নভেম্বরে প্যারাডাইস পেপারসের প্রায় ২৫ হাজার নথি প্রকাশ করা হয়। যেখানে বেশ কয়েকজন বাংলাদেশি ও একটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এদের মধ্যে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু ও তার পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন। ওই বছরের ৫ নভেম্বর প্রথম দফায় প্রকাশ করা নথিতে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজসহ বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির গোপন সম্পদের তথ্য বেরিয়ে আসে। তবে সেখানে কোনো বাংলাদেশির নাম ছিল না।
আরআর

