পাইকগাছায় ট্রলি চাপায় দম্পতি গুরুতর আহত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছার কপিলমুনিতে ট্রলি চাপায় এক দম্পতি গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হচ্ছেন, মমতা বৈরাগী (৪৫) ও তার স্বামী সঞ্জিত বৈরাগী (৫০)।
তাদের বাড়ি উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশে শামুকপোতা-কপিলমুনি সড়কে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশ জানায়, মমতা ও তার স্বামী সঞ্জিত বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে সামনে মোড়ে যাচ্ছিল। এসময় শামুকপোতা থেকে কপিলমুনিগামী একটি দ্রুতগামীর ট্রলি কোন কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে চাপা দেয়। এতে মমতার মাথার চুলসহ খুলির একাংশ ট্রলির ফিতায় জড়িয়ে থেকে যায়। এসময় তার স্বামী সঞ্জিতের হাত-পা ভেঙ্গে সেও গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এসময় স্থানীয়রা ট্রলি চালক তালার কানাইদিয়া গ্রামের শেখ সফিউল ইসলাম (২০) কে আটক করে পুলিশে খবর দেয়।কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম ঘটনাস্থল থেকে ট্রলি চালকসহ ট্রলিটি জব্দ করে ফাঁড়িতে নিয়েছে বলে জানানো হয়েছে।
স/এষ্

