অনলাইন ডেস্ক
বিতর্কে জড়ানো যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের। এবার তিনি বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি পদ্মাবতী নিয়ে হুশিয়ারি দিয়ে আলোচনায় এসেছেন।
মঙ্গলবার হুশিয়ারি দিয়ে বলেছেন, পদ্মাবতী সিনেমার স্ক্রিনিং যেসব প্রেক্ষাগৃহে হবে, সেখানে আগুন জ্বলবে।
‘পদ্মাবতীতে ইতিহাস বিকৃত হয়েছে’ এই অভিযোগে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ভারত। আর মূল অভিযোগ এসেছে বিজেপির কাছ থেকে।
একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে টি রাজা সিং বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পদ্মাবতী ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজপুত জাতির সম্মান নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এই ছবি। ছবি মুক্তির পর যদি কোনোভাবে এই অভিযোগের সত্যতা মেলে, তবে আগুন জ্বলবে দেশে।
বনশালির সমালোচনা করে বিজেপি বিধায়ক বলেন, এই ধরণের ছবি নারীদের সম্মানহানি করছে। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই এই ধরণের ছবি তৈরি হচ্ছে।
হিন্দু ধর্মের অবমাননা করে এই ছবি তৈরির বিরুদ্ধে সকলের একসাথে রুখে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
এই ছবির মুক্তি ও স্ক্রিনিং সব দর্শকের বয়কট করা উচিত বলে মন্তব্য করে টি রাজা সিং বলেন, পদ্মাবতীর মতো ছবি দেশের সংস্কৃতির ক্ষতি করছে। তাই দেশের যুব সম্প্রদায়কে ছবিটি দেখা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, ১লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত পদ্মাবতী।
স/মা

