নেত্রকোনায় ৬৪ জন রোগী ৩২ লক্ষ টাকার চেক পেল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালেসামিয়া রোগে আক্রান্ত ৬৪ জন রোগীকে ৩২ লক্ষ টাকার এককালীন চেক প্রদান করা হয়েছে রবিবার ১২ জুন দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে।
নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্র্যাট অন্জনা খান মজলিশের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমূখ। এ-সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় আপনারা এ অনুদান পেয়েছেন। শেখ হাসিনা সরকার শতভাগ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা চালু করেছেন। যার কারণে নেত্রকোনায় সকল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে টাকা তুলতে পারছেন। রোগী ও তাঁদের পরিবারের উদ্দেশ্যে বলেন প্রতিমন্ত্রী বলেন, রোগী এবং তাঁর পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রত্যেক রোগীর জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ৫০ হাজার টাকা আপনাদের চিকিৎসার কাজে কিছুটা হলেও সাহায্য হবে। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য উপস্থিত সকলের নিকট দোয়া চেয়েছেন প্রতিমন্ত্রী।
অতঃপর প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সর্বমোট ৬৪ জন রোগী ৩২ লক্ষ টাকার চেক পেল।
স/বি

