নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় নিহত-২
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ জেলার পূর্বধলা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া বাসট্যান্ডে সোমবার দুপুর ১২ টার দিকে বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ এক আরোহী নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরোহী আনোয়ার হোসেন ও তার খালাতো বোন মারুফা গৌরীপুর উপজেলার বোকাইনগর নাহরাবাজার থেকে চালক জুয়েল মিয়ার মোটরসাইকেল ভাড়ায় নিয়ে ডাক্তার দেখাতে দুর্গাপুর যায়। দুর্গাপুর থেকে তারা মোটরসাইকেল যোগে ফেরার পথে জারিয়া বাজারে যানজটের মধ্যে দুই ট্রাকের মাঝখানে অবস্থানকালে পিছন থেকে ময়মনসিংহগামী বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-২৪০৪৭৪) ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে যায়।
এ ঘটনায় আরোহী মারুফা প্রাণে বেঁচে গেলেও তার খালাতো ভাই আরোহী আনোয়ার হোসেন (৩৫) ও চালক জুয়েল মিয়া (৩০) ঘটনাস্থলেই নিহত হন। গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহরাবাজার এলাকার নূর ইসলামের ছেলে আরোহী আনোয়ার হোসেন এবং আঃ হেকিমের ছেলে চালক জুয়েল মিয়া।
পূর্বধলা থানার এসআই আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আনোয়ার হোসেন ও জুয়েল মিয়ার মৃতদেহ সূরতহাল করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য তাদের লাশ আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় প্রেরণ করা হয়েছে। আহত মারুফাকে পূর্বধলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
স/বি

