নেত্রকোনা থেকে দুর্গাপুর যাওয়ার জন্য জামধলা ডেউটুকুন সড়কের ২ কিমি কাঁচা বাঁধ কাম সড়কটি সংস্কার না করায় জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।
নেত্রকোনা শহরের চানখার মোড় হয়ে পূর্বধলা ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজার থেকে দুর্গাপুরের ডেউটুকুন কংস নদীর পার পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বাঁধ কাম সড়কটি সম্পূর্ণ কাঁচা। কংস নদের পানি থেকে সৃষ্ট বন্যা প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি নির্মাণ করে।
বাঁধটি সড়ক হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সময় বাঁচাতে লোকজন এ সড়কটি অধিক মাত্রায় ব্যবহার করছেন। চলাচলে সুবিধাও হচ্ছে। বর্ষাকালে সড়কটি কাদায় পরিণত হয়। যানবাহন চলাচল করতে পারে না।
ফলে ১০ মিনিটের রাস্তা এক ঘণ্টায় পাড়ি দিতে হয়। শুষ্ক মৌসুমে ধুলার কারণেও এ সড়কে চলাচল দায়। এ বাঁধটি সড়ক হিসেবে ব্যবহার করা হলেও সড়ক হিসেবে পাকা করার কোনো সম্ভবনা নেই বলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়।
কারণ উত্তরাঞ্চল থেকে পানি প্রবাহ বেশি হলে এলাকার বাড়িঘর রক্ষায় বাঁধের কোনো কোনো অংশ কেটে ফেলতে হয়। এজন্য এ অংশ পাকা যাবে না। কিন্তু এলাকাবাসীর দাবি হচ্ছে মাত্র দুই কিমি. সড়ক পাকা না করে অন্তত ইটের সোলিং করে দিলেও যানবাহন চলাচলে সুবিধা হতো।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, বিষয়টি তারা ভেবে দেখবেন।
স/শা

