এতিম ও প্রতিবন্ধী শিশুদের পরম মমতায় স্বভাবসুলভ স্নেহের পরশ বুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের হাতে খাবার মুখে তুলে দিলেন শিশুদের। গতকাল সন্ধ্যায় গণভবনের ব্যাংকোয়েটে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা এবং এতিম ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। গণভবন ব্যাংকোয়েটে ইফতার অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী তার দুই পাশে দুটি শিশুকে বসান। নিজে ইফতারি করার পাশাপাশি পরম মমতায় শিশু দুটির খোঁজ নিচ্ছিলেন বার বার, তারা ঠিক মতো খাচ্ছে কিনা। নিজে পাতের খাবার তুলে দেন শিশুদের প্লেটে।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, ইসলামিয়া ফাউন্ডেশনের ডিজি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ইমাম ছাড়াও আলেম-ওলামাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধি, এতিম ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের উপস্থিতিতে ব্যাংকোয়েট হল ছিল পরিপূর্ণ। ইফতারের বেশ খানিকটা সময় আগেই অনুষ্ঠান স্থলে এসে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মনের কথা বলেন অনেকে। ইফতারের আগে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স/এষ্

