শহরের অভিজাত আবাসনে মৃত্যু অভিনেত্রীর। মঙ্গলবার রাতে ওই আবাসনের ভিতর থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায়৷
জানা যাচ্ছে, বিতস্তা সাহা নামে ওই অভিনেত্রী একাই থাকতেন ফ্ল্যাটে। বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। পাশাপাশি ঝোঁক ছিল অভিনয় ও মডেলিংয়েও। সম্প্রতি বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন তিনি। কয়েকদিন তার মোবাইল বন্ধ ছিল।
বন্ধুরা কেউই তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সন্দেহ হওয়ায় অভিনেত্রীর এক বন্ধু তার ফ্ল্যাটে যান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বাড়ির সামনে কয়েকদিনের কাগজপত্রও পড়ে ছিল। এরপরই ফ্ল্যাটের দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত দেহ আবিষ্কৃত হয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার দেওয়া স্টেটাস থেকে তিনি যে হতাশাগ্রস্ত ছিলেন, তা অনেকটাই আন্দাজ করা যায়। গানের লাইন কোট করে মৃত্যুর ইচ্ছাও প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
তবে এই মৃত্যু স্বাভাবিক কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। কেননা অভিনেত্রীর হাতের শিরাও কাটা অবস্থায় পাওয়া গেছে। আর এ নিয়েই নানা প্রশ্ন। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে হাতের শিরা কেন কাটা, তা নিয়ে সন্দেহ জেগেছে।
পুলিশের কাছে খবর, কোনো প্রেমের সম্পর্ক নিয়ে হতাশায় ভুগছিলেন অভিনেত্রী। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই আত্মহত্যা বলে সন্দেহ পুলিশ কর্মকর্তাদের। তবে এই মৃত্যু স্বাভাবিক কিনা তা নিয়েও প্রশ্ন আছে।
এর আগে টলিপাড়ায় অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছিল। একই রহস্য ছড়িয়েছে বিতস্তার মৃত্যুকে কেন্দ্র করেও।
স/শা

