নাগেশ্বরীতে কেচো খামারে বাজিমাত মামুনের
৪ হাজার টাকায় খামার শুরু করে এখন সাবলম্বী
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কেচো চাষ করেইে বেশ বাজিমাত করেছেন মামুনুর রশিদ মামুন নামের এক উদ্যোক্তা। মাত্র ৪ হাজার টাকায় খামারে কোচো চাষ শুরু করে এখন তার মাসে আয় ৩০-৩৫ হাজার টাকা। পিতাহীন পরিবারে একমাত্র উপার্জনক্ষম মামুন এখন সাবলম্বী কেচো খামারেই।
তার এই খামার দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। মামুনুর রশিদ মামুন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাজিরমোড় এলাকার ছেলে। মামুন জানায় একটি বেসরকারি ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বিভিন্ন কন্সট্রাকশন কোম্পানিতে চাকুরি করতেন তিনি। পারিবারিক সমস্যার কারণে চাকুরি ছেড়ে ফিরে আসেন বাড়িতে। ফলে বন্ধ হয় আয়ের পথ। এতে প্রচন্ড হতাশাগ্রস্থ হয়ে পড়েন পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবক।
এরই মধ্যে ২০১৬ সালে উপজেলা যুব উন্নয়ন অফিসের মাধ্যমে গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক তিনমাস ব্যাপী প্রশিক্ষণ কোর্স করেন। যেখানে ভার্মিকম্পোস্টসহ বিভিন্ন ধরনের জৈব সার তৈরীর উপর ক্লাস ছিল। পরে জৈব কৃষির বিস্তারের লক্ষ্যে কাজ করা ব্যবসায়িক প্রতিষ্ঠান “অদম্য কৃষি”র পরামর্শে ২০২০ সালের আগস্ট মাসে মাত্র ৪ হাজার টাকা পুঁজি নিয়ে একটি পরিত্ত্যাক্ত ঘরে ৬টি রিং এবং দেড় কেজি কেচো দিয়ে চাষ শুরু করেন।
ধীরে ধরে এর ব্যাপক প্রসার ঘটতে থাকে। ফসবুকের মাধ্যমে তার নিজস্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানটি “ক্রিয়েশনস বিজনেস” নামে নামকরণ করে শুরু করেন অনলাইন মার্কিটিং। এতে ব্যাপক সাড়াও পান তিনি। বর্তমানে খামারেই বসিয়েছেন ২৪ টি রিং। এছাড়াও আরও ১০ শতক জায়গায় তৈরী করেছেন নতুন শেড। সেখানেও উৎপাদন করছেন কেচো কম্পোস্ট বা ভার্মিকম্পোস্ট। এখন তার খামারের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৭২ টন। দুই খামারে প্রতিমাসে প্রায় ৬ টন জৈব সার উৎপাদন হচ্ছে। উৎপাদনশীলতার দিক থেকে এখন পর্যন্ত জেলায় সবচেয়ে বড় কেচো খামার তার ক্রিয়েশনস কেচো খামার।
মামুন জানায়, ভার্মিকম্পোস্ট তৈরী করতে গ্যাস মুক্ত বাসী গোবর, কলাগাছের কুচি ও কেচো ব্যবহার করেন তিনি। অত্যন্ত উপকারী হওয়ায় এই সারের চাহিদা বেশি। দ্রুত বিক্রি হয়। স্টক করে রাখার প্রয়োজন হয় না। প্রতি কেজি সার খুচরা ২০-২৫ টাকা পর্যন্ত বিক্রি হয় আর পাইকারি বিক্রি হয় ১০-১৫ টাকা কেজি দরে। এই খামার দিয়েই এখন তার প্রতি মাসে আয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
তাই ঢাকায় গিয়ে চাকুরি করার প্রয়োজন নেই বলে মনে করছেন এই উদ্যোক্তা। তবে বাংলাদেশ ভার্মিকম্পোস্ট উৎপাদক এসোসিয়েশন ও নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে এই সারের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজার তৈরী এবং বাজারজাতকরণসহ অনেক শিক্ষা ও সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায় স্ত্রী, মা, বোনসহ তিনি নিজেও ব্যস্ত খামারের কাজে। এ সময় ছেলের সাফল্যের কথা জানান মামুনের মা মর্জিনা বেগম। তিনি জানান, এক সময় খুবই অসহায় জীবনযাপন করেছিলেন তারা। তারপর কেচোর খামার করেই সাবলম্বী ছেলে। এই খামারের আয়েই চলছে তাদের সংসার।
মামুনের বড় বোন শারমিন আক্তার নিজেও একজন উদ্যোক্তা। অন্যের জমি লিজ নিয়ে গাছের চারা উৎপাদন করেন তিনি। মামুনুর রশীদের খামার থেকে ভার্মি কম্পোস্ট কিনে নার্সারিতে ব্যবহার করে রোগমুক্ত ও সুস্থ সবল চারা উৎপাদন করছেন। এমনকী এই সার ব্যবহারে বীজের অঙ্কুরোদগম হারও প্রায় শতভাগ।
স্থানীয় কৃষক লালমিয়া জানান, মামুন শুরুতে ঘরের ভেতর গোবর দিয়ে কী করছে আমরা বুঝিই নাই। অনেকেই ভাইবছে মামুন পাগল টাগল হইল নাকি? পরে দেখি ধীরে ধীরে খামার বড় হইল। এখন আমি নিজেই এই সার কিনি ক্ষেতে দেই। বাইরে থাকিয়েও বিভিন্ন মানুষ আর দোকানদার কিনি নিয়া যায়। প্রত্যেক মাসে বলে ম্যালা টাহা কামাই করে। এখন দেহি মনে হয় চাকরির চাইয়ে এইগলেই করা ভাল।
স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী রাশিদুল ইসলাম জানান, ধানক্ষেতসহ যেকোনো ফসলে এই সার দিলে রাসায়নিক সার কম ব্যবহার করলেই চলে। সে কারণে ক্রেতারাও এই সারের চাহিদা দেখায়। তাই মামুনের খামার থেকে ভার্মিকম্পোস্ট কিনে তিনি নিজেও যেমন লাভবান হচ্ছে তেমনই কৃষকও পাচ্ছে বিশুদ্ধসার।
মামুনের খামার দেখে উদ্বুদ্ধ হয়েছেন আশেপাশের কয়েক যুবক। তার থেকে উদ্বুদ্ধ হয়ে খামার শুরু করেছেন রতনপুর এলাকার আরেক যুবক আপেল মাহমুদ। তিনি জানান প্রথমে ২টি রিং দিয়ে যাত্রা শুরু করলেও এখন তার ৫ টি রিং এ কেচো এবং সার উৎপাদন হচ্ছে। আগ্রহ দেখাচ্ছে আরও অনেকে।
এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন অফিসার মনজুর আলম বলেন, আমি মামুনের খামার পরিদর্শন করেছি। তার এই উদ্যোগ একদিকে যেমন বেকার যুবকদের বেকারত্ম দূরিকরণে উৎসাহিত করে দেশের উন্নয়নে ভুমিকা রাখবে, অন্যদিকে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার উৎপাদন বাড়বে ও এই সারের ব্যবহারে কৃষি জমি সুরক্ষিত থাকবে।
উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন বলেন, বর্তমানে ভার্মি কম্পোস্ট একটি উৎকৃষ্ট জৈব সার, মাটির প্রাণ, মাটির স্বাস্থ্য সুরক্ষার ভার্মি কম্পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সার ব্যবহারে ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ে। উপজেলায় অনেকে এ ভার্মি কম্পোস্ট চাষে আগ্রহী হচ্ছে। যারাই এই চাষ করুক না আমাদের পক্ষ থেকে তাকে বিভিন্ন পরামর্শসহ সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
স/এষ্

