বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত “নববর্ষ ব্লিট্জ রেটিং দাবা প্রতিযোগিতা-১৪২৫” এ জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার জাতীয় দাবাড়ু সৈয়দ মাহফুজুর রহমান ইমন চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা ই-কমার্স ক্লাব হলরুমে ২০ এপ্রিল, শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। সমান খেলায় ৫.৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংএ গিয়াসউদ্দিন মিঠু রানারআপ এবং আব্দুর রউফ তৃতীয় স্থান অর্জন করেন। ৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংএ সাবেক জাতীয় দাবাড়ু মঞ্জুর আলম চতুর্থ এবং মোস্তফা হায়দার পঞ্চম স্থান লাভ করেন। ৪.৫ পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ষষ্ঠ হন। অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে আফতাহী আবরার এবং আনরেটেড ক্যাটাগরিতে মোঃ কামরুজ্জামান চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আরআর

