মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত কনের পিতা ফেরদৌস হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন মিয়া এই দন্ড প্রদান করেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার উমার ইউনিয়নের বড়পুকুর গ্রামের ফেরদৌস হোসেন তার কন্যা আমেনা খাতুন(১৫) এর সাথে পাশের মইশড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদি আরব প্রবাসী আবু সাঈদ(৩০) এর বিয়ের নির্ধারিত তারিখ ছিল।
ওইদিন বরপক্ষ লোকজন নিয়ে কনের বাড়িতে উপস্থিত হয়। সেখানে জনসমাগম করে বিয়ের আয়োজনের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মিয়া পুলিশসহ কনের বাড়ীতে উপস্থিত হয়।
ম্যাজিস্ট্রেট যাওয়ার আগে বর পক্ষ বিয়ে না করে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে লোক জমায়েত করার অপরাধে কনের বাবা ফেরদৌস হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান হোসেন, ইউপি সদস্য আজাহার হোসেন প্রমুখ।
স/এষ্

