জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ আরও চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদক্রমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেন।
সোমবার সকালে প্রফেসর ড. হারুন অর রশিদ দ্বিতীয় মেয়াদে (২০১৭-২০২১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেন।
তার পুনঃনিয়োগের জন্য তিনি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও এটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
ড. হারুন অর রশিদ ২০১৩-২০১৭ (মার্চ) পর্যন্ত প্রথম মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৯-২০১২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ছিলেন।
১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে ড. হারুন অর রশিদ শিক্ষকতা পেশা শুরু করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) ও এমএ উভয় পরীক্ষায় ১ম স্থান অধিকার করে ১৯৮৩ সালে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ।
তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়, সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় এবং জাপানের রিউকোকু বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন। তিনি দেশের একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী।
স/শা

