দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে সারাদেশের মধ্যে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে বিগত কয়েক দিন ধরে সকাল সকাল ঝলমলে রোদের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্যের সৃষ্টি হচ্ছে।
কুয়াশার পরিমাণ কমে গিয়ে কয়েক দিন ধরে সকাল সকাল দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছে এই জনপদের মানুষ। পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন,উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমালয়ের হিমবায়ুর কারণে রাতে তাপমাত্রা কমে গেলেও দিনে সূর্যের তাপে কিছুটা বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্যের সৃষ্টি হচ্ছে। ২৫ ডিসেম্বরের পর এই এলাকায় আরেকটি মাঝারি শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

