দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ টঙ্গীর তুরাগ নদীর সেতু বন্ধ করেছে, মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর উপরে পুরাতন সেতুর একাংশ ভেঙে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার ভোর থেকে সেতুটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে এই সেতু উপর দিয়ে মহাসড়কে আব্দুল্লাহপুর হয়ে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কে তীব্র যানজট তৈরি সঙ্গে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। সেতু সচিব আবু বক্কর সিদ্দিক ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, টঙ্গী তুরাগ নদীর উপর নির্মিত পুরাতন সেতু দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য যানবাহন ঢাকায় প্রবেশ করে। দীর্ঘ দিনের পুরাতন সেতুটি সংস্কারের অভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ায় গত বুধবার ভোরে সেতুর উত্তর পাশে প্রবেশ মুখে কংক্রিট ভেঙে যায়।
এরপরেও সেখানে ভাঙা যাওয়া অংশের ওপর লোহার পাত দিয়ে যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। কিন্তু ভাঙার পরিমাণ বাড়তে থাকায় বৃহস্পতিবার ভোরে সেতুটি বন্ধ করে দেওয়া হয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় ও আব্দুল্লাহপুর বেরিকেড দিয়ে ঢাকাগামী যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
বিকল্প পথে স্টেশনরোড-কামারপাড়া সংযোগ সড়ক দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করছে। সকাল থেকেই মহাসড়কের স্টেশনরোডে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, অফিসগামীসহ ঢাকামুখী বিভিন্ন গন্তব্যের হাজার হাজার পথযাত্রীকে পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপবিহন না পেয়ে অনেক যাত্রীকেই পায়ে হেঁটে আব্দুল্লাপুরের হয়ে উত্তরার দিকে যেতে দেখা গেছে। আর অল্প রাস্তাটুকুর জন্য ব্যাটরিচালিত অটোরিক্সায় গেলে তারা স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে আবার যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনাও চোখে পড়েছে। মহাসড়কের একপাশে যানচলাচল করায় দেখা দিয়েছে তীব্র যানজট। সব মিলিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। তুরাগ নদীর উপর ব্রিজের সমস্যা দ্রুত সংস্কার না করলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।
এ বিষেয় ডিসি (ট্রাফিক) আব্দুল্লা আল মামুন চমক নিউজকে জানান, রাত থেকে টঙ্গী পুরাতন ব্রিজ ও ঢাকামুখী যানবাহন বন্ধ রয়েছে। এই গাড়িগুলোকে জিএমপির সঙ্গে সমন্বয় করে কামাড়পাড়া দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুবাইল নরসিংদিমুখী ঢাকার গাড়িগুলো আব্দুল্লাপুর থেকে সমন্বয় করা হচ্ছে।
বিআরটির টেকনিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান ব্রিজটি চালু থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজে বড় গর্ত কেবল একটি রিক্সা যেতে পারে। এজন্য আমরা রিস্ক নেইনি। যার কারণে আমরা রাতেই বাঁশ বেঁধে বড় ধরনের দুর্ঘটনা পরিত্রানের লক্ষে কাজ করছি। যানজট নিরসনেও আমরা বিরামহীনভাবে কাজ করছি বলেও জানান তিনি।

বিআরটি প্রকল্পের (ব্রিজ বিভাগ) প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান চমক নিউজকে জানান, পুরোনো ওই ব্রিজটিতে ডেস্ক স্লাব ড্যামেজ থাকায় হঠাৎ করে একটি স্লাবের কিছু অংশ ভেঙে পড়ে। গত বুধবার রাত থেকে বেশি ঝুকিপূর্ণ হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
স/এষ্

